বাঁকুড়ায় বাজ পড়ে মৃত দুই
দি নিউজ লায়ন ; বাঁকুড়ায় ফের বজ্রপাতে জোড়া মৃত্যুর ঘটনা ঘটল । শনিবার সাত সকালেই বাঁকুড়ার আকাশ ঢেকে যায় ঘন কালো মেঘে । মুষলধারে শুরু হয় বৃষ্টি । সেই বৃষ্টির সময়ই দুটি পৃথক বজ্রপাতের ঘটনায় মৃত্যু হয় দুই ব্যাক্তির । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে শনিবার সাত সকালেই বজ্রপাতে মারা যান বাঁকুড়া শহর লাগোয়া রাজগ্রাম এলাকার বাসিন্দা ভোলানাথ মন্ডল (৪০) ।
পরিবার সূত্রে জানা গেছে পেশায় মাছ ব্যবসায়ী ভোলানাথ মন্ডল অন্যান্য দিনের মতোই এদিন সকালে বাঁকুড়া বাজার থেকে মাছ আনতে গিয়েছিলেন । রাস্তাতেই বজ্রপাতে তাঁর মৃত্যু হয় । এই ঘটনার পাশাপাশি এদিন সকালে অপর একটি বজ্রপাতের ঘটনায় মৃত্যু হয় বাঁকুড়ার বড়জোড়া ব্লকের হরিনাশুলি গ্রামের বাসিন্দা বুধনা বাউরীর ( ৪৩) । স্থানীয় সূত্রে খবর এদিন সকালে মাঠে চাষের কাজ করার সময় আচমকাই বজ্রপাতে মাঠেই লুটিয়ে পড়েন বুধনা বাউরী । পরে তাঁকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
খবর পেয়ে এদিন সাত সকালেই বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যান বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জী । মৃতের পরিবারের পাশে সবরকম ভাবে থাকার আস্বাস দিয়েছেন তিনি । মৃতদের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরন দেওয়া হবে বলে জানিয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন । তবে এদিন বজ্রপাতে শুধু বাঁকুড়া জেলায় মানুষের প্রাণহানী ঘটেছে এমনটা নয় , বজ্রপাতে একসাথে মৃত্যু হয়েছে ২২ টি ভেড়ারও ।
স্থানীয় সূত্রে জানা গেছে পরিযায়ী ভেড়া পালকদের একটি দল সঙ্গে কয়েক’শো ভেড়া নিয়ে গতকাল রাতে আশ্রয় নিয়েছিলেন বাঁকুড়ার পাত্রসায়ের স্টেশন সংলগ্ন এলাকায় । আজ ভোর রাতে আচমকাই সেখানে বজ্রপাত হওয়ায় একসাথে বাইশটি ভেড়া মারা যায় । গুরুতর জখম হন এক ভেড়া পালক । খবর পেয়ে পাত্রসায়ের থানার পুলিশ আহত ভেড়াপালককে উদ্ধার করে স্থানীয় পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় ।

Post a Comment